সমাজসেবা ও মানবকল্যাণের প্রতি দায়বদ্ধতা থেকে বন্ধন সেবা সংগঠন আবারও একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনের আয়োজনে এবং ইসলামিয়া সিটি আই কেয়ার এন্ড অপটিক্স-এর সহযোগিতায় আজ পূর্ব সুতারপাড়ায় অবস্থিত সান ভ্যালি স্কুলে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন।
২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে স্থানীয় বাসিন্দাসহ চোখের বিভিন্ন রোগে আক্রান্ত অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগীদের চোখের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, ওষুধ বিতরণসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।
আয়োজকদের জানানো হয়, এই ক্যাম্পেইনের মাধ্যমে বহু মানুষ দীর্ঘদিনের চোখের সমস্যার সমাধান পেয়েছেন এবং দৃষ্টিশক্তি সংরক্ষণে সচেতন হয়েছেন।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বন্ধন সেবা সংগঠনের সভাপতি রানা আহমেদ, সাধারণ সম্পাদক সেজান মাহমুদ শান্ত, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ জিসান, কোষাধ্যক্ষ মো. কাউছার হোসেন, সহ-প্রচার সম্পাদক সাইফ রহমান ইমন, মিডিয়া ম্যানেজার সামিউল হাসান ফারদিন এবং সাধারণ সদস্য সাকিব মাহমুদ, নাহিদ ইসলাম, কৌশিক মাহমুদ, সাজিদ খানসহ সংগঠনের অন্যান্য সক্রিয় সদস্যবৃন্দ।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক সেজান মাহমুদ শান্ত বলেন,
“চোখ হলো জীবনের আলো। এই আলোকে রক্ষা করা এবং সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। ইসলামিয়া সিটি আই কেয়ার এন্ড অপটিক্স-এর সহযোগিতা ও স্থানীয় জনগণের আন্তরিক অংশগ্রহণে ক্যাম্পেইনটি অত্যন্ত সফল হয়েছে। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।