জনগণের ক্ষমতাকে তাঁদের কল্যাণে কাজে লাগাতে গণভোট রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম। তিনি বলেন, গণভোটে অংশ নেওয়া এবং এ বিষয়ে সবাইকে সচেতন করা প্রয়োজন।
মঙ্গলবার বিকেল ৪টায় নবাবগঞ্জ উপজেলার ওয়াছেক মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত এক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।
ঢাকা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি হিসেবেই গণভোট গুরুত্বপূর্ণ। গণভোটের মাধ্যমে জনগণের ক্ষমতা শক্ত ভিত্তি পাবে এবং নির্বাচিত সরকার ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারবে না। এতে সরকারের প্রতি জনগণের জবাবদিহিতা ও দায়বদ্ধতা বাড়বে।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। গণভোটের মাধ্যমে জনগণের ক্ষমতাকে স্থায়ী ও শক্তিশালী করার পথ বেছে নিতে হবে। সমাজ ও রাষ্ট্র থেকে বৈষম্য দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠাই গণভোটের মূল লক্ষ্য হওয়া উচিত।
এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থানে গণভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ওয়ারেছ আনসারী, নবাবগঞ্জ সেনা ক্যাম্পের মেজর খালিদ-ই আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাখাওয়াত হোসেন, সহকারী কমিশনার আসিফ রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল আলম, নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমানসহ সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও স্থানীয় সুধীজন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।