ঢাকার নবাবগঞ্জ উপজেলায় হঠাৎ করেই এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। দাম বাড়ার ঘোষণার আগেই অতিরিক্ত দামে সিলিন্ডার পাওয়া গেলেও দাম বাড়ার পর থেকেই বাজার থেকে সিলিন্ডার উধাও হয়ে গেছে।
বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকায় বেশি দাম দিতে রাজি থাকলেও অনেক ক্রেতা গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না। কোথাও কোথাও সিলিন্ডার মিললেও সরকার নির্ধারিত দামের কোনো তোয়াক্কা না করে ইচ্ছেমতো দামে বিক্রি করা হচ্ছে। এতে সাধারণ পরিবারগুলোর পাশাপাশি ছোট ব্যবসায়ীরাও চরম দুর্ভোগে পড়েছেন।
খুচরা বিক্রেতারা জানান, ডিলারদের কাছ থেকে প্রয়োজন অনুযায়ী সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এমনকি বেশি দাম দিতে চাইলেও চাহিদা অনুযায়ী সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে না। ফলে দোকানে অল্প কিছু সিলিন্ডার এলে তা দ্রুতই শেষ হয়ে যাচ্ছে।
বাজার ঘুরে জানা যায়, গ্যাসের দাম বাড়তে পারে—এমন খবর ছড়ানোর পরপরই ডিলাররা দাম বাড়িয়ে দেন। গত কয়েক দিনে প্রতিটি সিলিন্ডার ১৮০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু সরকারিভাবে দাম বাড়ার পর থেকেই সিলিন্ডার বাজারে পাওয়া যাচ্ছে না।
বান্দুরা এলাকার গৃহিণী সামিমা আক্তার বলেন, হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যাওয়ার পর দুই দিন ধরে চেষ্টা করেও সিলিন্ডার পাচ্ছেন না। শীতের মধ্যে বাধ্য হয়ে মাটির চুলায় রান্না করতে হচ্ছে। তাঁর অভিযোগ, দাম বাড়ার আগেই একটি চক্র দাম বাড়িয়েছে এবং এখন কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির চেষ্টা করছে। তিনি এসব সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারি পদক্ষেপ চান।
খুচরা বিক্রেতারাও সিন্ডিকেটের অস্তিত্বের কথা স্বীকার করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্রেতা জানান, ডিলারদের টাকা দিয়েও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। অল্প যে সিলিন্ডার দেওয়া হচ্ছে, তার দাম অনেক বেশি রাখা হচ্ছে। এতে বাধ্য হয়ে তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
নবাবগঞ্জের গ্যাস ব্যবসায়ীরা জানান, উপজেলার সবচেয়ে বড় গ্যাস ডিলার আগলা বাজারের মেসার্স তাসনীম ট্রেডার্স। প্রতিষ্ঠানটির মালিক আলী হোসেন ঝিলুকে নিয়ন্ত্রণ করা গেলে নবাবগঞ্জে গ্যাসের সিন্ডিকেট বন্ধ করা সম্ভব হবে বলে তারা মনে করেন। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে মেসার্স তাসনীম ট্রেডার্সের মালিক আলী হোসেন ঝিলুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
জানা গেছে, চলতি জানুয়ারি মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ১৩০৬ টাকা। আগের মাসে এ দাম ছিল ১২৫৩ টাকা। অর্থাৎ জানুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারে দাম বেড়েছে ৫৩ টাকা, যেখানে আগের মাসে দাম বেড়েছিল ৩৮ টাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।