ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ আটক করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, শনিবার (৩ জানুয়ারি) ট্রাম্প দাবি করেন, মাদুরোকে আটক করে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাকে কোথায় বা কীভাবে আটক করা হয়েছে এবং বর্তমানে তিনি কোথায় আছেন—সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বড় ধরনের একটি সফল অভিযান পরিচালনা করেছে। ওই অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে মার্কিন বাহিনীর হাতে মাদুরো আটক রয়েছেন—এমন দাবির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কাছে তার ‘জীবিত থাকার প্রমাণ’ প্রকাশের আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার উপরাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেস।
ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে ফোনালাপে রদ্রিগেস বলেন, কারাকাসসহ বিভিন্ন শহরে ধারাবাহিক মার্কিন হামলার পর প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বর্তমান অবস্থান সম্পর্কে তিনি কোনো তথ্য জানেন না।
উল্লেখ্য, ১৯৮৯ সালে পানামার সামরিক শাসক ম্যানুয়েল নোরিয়েগাকে ক্ষমতাচ্যুত করার পর লাতিন আমেরিকায় এ ধরনের সরাসরি সামরিক হস্তক্ষেপ আর দেখা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।