ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরেক নেতাকে গুলি করার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ ব্যক্তি হলেন এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার।
সোমবার (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। তিনি জানান, মোতালেব শিকদারকে কিছুক্ষণ আগে গুলি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিটি তার মাথার বাম পাশে লেগেছে। জরুরি বিভাগে নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা দ্রুত সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা শুরু করেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গুলি করা হয়। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় তার পকেট থেকে পাওয়া একটি ভিজিটিং কার্ডের মাধ্যমে নিশ্চিত করা হয়। কার্ড অনুযায়ী, তিনি খুলনা বিভাগীয় জাতীয় শ্রম শক্তির আহ্বায়ক এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক। এনসিপির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করেই গুলি চালিয়েছে। ঘটনাটি খুলনার মজিদ সরনি এলাকায় ঘটেছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।