২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় হতে যাচ্ছে। এই আসরে অংশ নেবে ৪৮টি দল। শুধু দলের সংখ্যা নয়, আগের তুলনায় অনেক বেড়েছে প্রাইজমানিও।
বিশ্বকাপ সামনে রেখে ফিফা আজ প্রাইজমানির বিস্তারিত ঘোষণা দিয়েছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মোট ৬৫৫ মিলিয়ন ডলারের বাজেট অনুমোদন করেছে। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ৭,৯৯৮ কোটি ৯৩ লাখ ৬ হাজার টাকা। যা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।
আগামী ১২ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬১০ কোটি ৬০ লাখ ৬০ হাজার টাকা। আগের বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল প্রায় ৫১২ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা।
রানার্সআপ দল পাবে প্রায় ৪০২ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার টাকা। তৃতীয় স্থান অধিকারী দল পাবে প্রায় ৩৫৪ কোটি ১৫ লাখ ১৫ হাজার টাকা। চতুর্থ দল পাবে প্রায় ৩২৯ কোটি ৭২ লাখ ৭৩ হাজার টাকা।
কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া প্রতিটি দল পাবে প্রায় ২৩২ কোটি ৩ লাখ ৩ হাজার টাকা। শেষ ষোলোতে বাদ পড়া দলগুলোর প্রত্যেকে পাবে ১৮৩ কোটি ১৮ লাখ ১৮ হাজার টাকা। রাউন্ড অব ৩২ থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে প্রায় ১৩৪ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার টাকা।
গ্রুপ পর্বেই বাদ পড়া প্রতিটি দল পাবে প্রায় ১০৯ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা। এর পাশাপাশি, প্রতিটি দল প্রস্তুতির জন্য আলাদাভাবে পাবে প্রায় ১৮ কোটি ৩১ লাখ ৮২ হাজার টাকা।
সব মিলিয়ে, ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলের পকেটে ন্যূনতম প্রায় ১২৮ কোটি ২২ লাখ ৭৩ হাজার টাকা নিশ্চিতভাবে ঢুকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।