সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা হতাহত হয়েছেন। বাংলাদেশ সময় ১৪ ডিসেম্বর (রবিবার) বাংলাদেশ আর্মির ভেরিফাইড পেজ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গতকাল শনিবার স্থানীয় সময় আনুমানিক দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী এই ড্রোন হামলা চালায়। হামলায় দায়িত্ব পালনরত ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং আরও ৮ জন শান্তিরক্ষী আহত হন।
শহীদ শান্তিরক্ষীরা হলেন:
১. কর্পোরাল মোঃ মাসুদ রানা, এএসসি (নাটোর)
২. সৈনিক মোঃ মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম)
৩. সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ি)
৪. সৈনিক শান্ত মণ্ডল, বীর (কুড়িগ্রাম)
৫. মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ)
৬. লন্ড্রি কর্মচারী মোঃ সবুজ মিয়া (গাইবান্ধা)
আহত শান্তিরক্ষীরা হলেন:
১. লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, পিএসসি, অর্ডন্যান্স (কুষ্টিয়া)
২. সার্জেন্ট মোঃ মোস্তাকিম হোসেন, বীর (দিনাজপুর)
৩. কর্পোরাল আফরোজা পারভিন ইতি, সিগনালস (ঢাকা)
৪. ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, ইএমই (বরগুনা)
৫. সৈনিক মোঃ মেজবাউল কবির, বীর (কুড়িগ্রাম)
৬. সৈনিক মোসাঃ উম্মে হানি আক্তার, ইঞ্জিনিয়ার্স (রংপুর)
৭. সৈনিক চুমকি আক্তার, অর্ডন্যান্স (মানিকগঞ্জ)
৮. সৈনিক মোঃ মানাজির আহসান, বীর (নোয়াখালী)
আহত ৮ জন শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত সৈনিক মোঃ মেজবাউল কবিরের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অপর ৭ জন আহতকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের মতে, তারা সবাই শঙ্কামুক্ত।
বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
একই সঙ্গে শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।