সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতেও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতাবিরোধী শক্তি পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। এই নির্মম হত্যাকাণ্ড ছিল পৃথিবীর ইতিহাসে এক জঘন্য ও বর্বর ঘটনা, যা বিশ্ববাসীকে হতবাক করেছিল। পরাজয় নিশ্চিত জেনে স্বাধীনতাবিরোধীরা জাতিকে মেধাশূন্য ও দুর্বল করার উদ্দেশ্যে দেশের বরেণ্য ব্যক্তিদের রাতের আঁধারে হত্যা করে। পাকিস্তানি বাহিনী ও তাদের দেশীয় সহযোগীরা হত্যার পর ঢাকার মিরপুর, রায়েরবাজারসহ বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের মরদেহ ফেলে যায়।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অর্জন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানউল হক, উপজেলা কৃষি অফিসার, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী, বীর মুক্তিযোদ্ধাসহ অন্যান্য অতিথিরা।
এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।