যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদহ গ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিজের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহতের নাম শহিদ (৪০)। তিনি পাগলাদহ গ্রামের বছির উদ্দিনের ছেলে এবং পেশায় রিকশাচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শহিদ পাগলাদহ গ্রামের রহমানের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পূর্বের বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা শহিদকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে শহিদের বাবা বছির উদ্দিন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা অভিযোগ করে বলেন, একই গ্রামের পিয়াস (২৪), আলিফ (১৮), ইরান (২৪) ও রিয়াজ (২৫) এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তিনি শুনেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।