ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে ১২ ডিসেম্বর শুক্রবার সকালে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ অভিযানে আরএবি ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটায় আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং পরবর্তীতে ভাটাটি ভেঙে ফেলা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাঈম আশরাফ।
আইনগত প্রক্রিয়ায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তামিম হাসান।
অভিযান চলাকালে যাচাই-বাছাই করে দেখা যায়, উক্ত ইটভাটাটি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর একাধিক ধারা লঙ্ঘন করে পরিচালিত হচ্ছিল। এ কারণে মোবাইল কোর্ট আইন অনুযায়ী জরিমানা আদায় করে এবং অবৈধ ভাটাটি অপসারণ করা হয়।
এ সময় অভিযানে আনসার, পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাঈম আশরাফ জানান,
“জনস্বার্থে পরিবেশ ও মানবস্বাস্থ্য সুরক্ষার জন্য অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানের ফলে এলাকায় জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং পরিবেশ বিধিনিষেধ মানার বিষয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।