নবাবগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা ও সেবার মান নিয়ে গত কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে যেসব অভিযোগ উঠছিল, সেই প্রেক্ষিতে ৯ই ডিসেম্বর মঙ্গলবার দুপুরে মানবতা নবাবগঞ্জ রক্তদান সংগঠনের প্রতিনিধি দল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও তাঁর সহকারীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে।
বৈঠকে হাসপাতালের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেবা–সংক্রান্ত বিষয় নিয়ে কথা হয়, যার মধ্যে ছিল—ব্লাড ক্রস ম্যাচিং, এক্স-রে সেবা, ডিউটি ডাক্তার, হাসপাতালের পরিচ্ছন্নতা, ইমার্জেন্সি ওয়ার্ড, অপারেশন থিয়েটার এবং সার্বিক সেবার মান।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্থাপিত প্রতিটি বিষয়েই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে ব্লাড ক্রস ম্যাচিং সমস্যার সমাধানে অতি শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ সমস্যার সম্পূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত নবাবগঞ্জের বেসরকারি হাসপাতালগুলো সাধারণ মানুষের পাশে থাকবে এবং সহযোগিতা করবে বলেও তারা আশ্বস্ত করেছেন।
এছাড়া, আগামী কয়েক দিনের মধ্যেই নবাবগঞ্জ সরকারি হাসপাতালে বর্তমানে কী কী সেবা পাওয়া যায় তার একটি পূর্ণাঙ্গ তালিকা হাসপাতালের পক্ষ থেকে প্রকাশ করা হবে—যা সাধারণ জনগণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে কাজ করবে।
মানবতা নবাবগঞ্জ আশা করছে, প্রশাসনের এই আশ্বাসগুলো দ্রুত বাস্তবায়িত হবে এবং নবাবগঞ্জবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে—ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।