বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সহযোগীকে আটক করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ভাইজোড়া খাল এলাকায় করিম শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে ভোর ৬টায় মোংলা কোস্ট গার্ড বেইস ও হারবাড়িয়া স্টেশনের যৌথ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৪ রাউন্ড ফাঁকা কার্তুজসহ বাহিনীর দুই সহযোগী—ফারুক বেপারী (৩০) ও ইমদাদুল বেপারী (২৭) আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর ডাকাতি কার্যক্রমে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করছিল।
আটককৃতরা মোংলা থানার বাসিন্দা এবং জব্দকৃত আলামতসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।