ঢাকার নবাবগঞ্জে নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ উন্নয়নের লক্ষ্য নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ারা’ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচি শুরু করেছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় নবাবগঞ্জ সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজের সভাকক্ষে এ বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।
ইয়ারার প্রতিষ্ঠাতা সভাপতি সায়মা রহমান তুলি–এর পরিকল্পনায় অনুষ্ঠানে নারীর প্রতি সহিংসতা, জরুরি করণীয়, আইনি সহায়তা নেওয়ার উপায়—এসব বিষয়ে বিস্তারিত জানান সংগঠনের উদ্যোক্তা ও প্রশিক্ষক আরিন খান। নারীর প্রতি ডিজিটাল সহিংসতা রোধে কী করা উচিত—তা নিয়ে আলোচনা করেন রুদ্র রায় অপুর্ব।
সায়মা রহমান তুলি বলেন, নারী শুধু পুরুষ নয়, অনেক সময় নারীর দ্বারাও সহিংসতার শিকার হয়। অনলাইন এবং বাস্তবে টিজিংয়ের ফলে নারীদের মানসিক স্বাস্থ্যে সমস্যা তৈরি হয়, ভয় ও অনিশ্চয়তার কারণে বাধাগ্রস্ত হয় শিক্ষা ও ক্যারিয়ার। ইয়ারা মনে করে—এই পরিস্থিতি মোকাবিলায় নারীর সবচেয়ে বেশি দরকার আত্মবিশ্বাস ও সাহস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ ললিতকলা একাডেমী (নাফার) প্রতিষ্ঠাতা সভাপতি শফিউর রহমান তোতা এবং সঞ্চালনায় ছিলেন অংগনা পাল। সভায় বিভিন্ন বয়সী নারী, স্থানীয় গুণীজন ও সাংবাদিকরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।