অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ দুর্নীতি দমন কমিশন (দুদক) অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে। নতুন পরিবর্তনে দুদকের কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হচ্ছে। পাশাপাশি এখন থেকে প্রতি ৬ মাস পরপর দুদকের কাজের প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং কর্মকর্তাদের সম্পদের হিসাব জমা দিতে হবে।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
তিনি জানান, বর্তমানে চেয়ারম্যানসহ তিন সদস্যের কমিশন কাজ করছে। নতুন অধ্যাদেশে সদস্য সংখ্যা বাড়িয়ে পাঁচজন করা হবে, যেখানে একজন নারী এবং একজন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিশেষজ্ঞ থাকবেন।
সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী দুদককে আরও কার্যকর করতে এই খসড়া তৈরি করা হয়েছে। খসড়ায় থাকা ‘বাছাই কমিটি’ গঠনের প্রস্তাব বাদ দেওয়া হয়েছে বলেও প্রেসসচিব জানান।
নতুন অধ্যাদেশে ছয় মাস অন্তর প্রতিবেদন প্রকাশ এবং কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া সভায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমন অধ্যাদেশ, রাজউক উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ এবং জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশের খসড়াও অনুমোদন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।