অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ দুর্নীতি দমন কমিশন (দুদক) অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে। নতুন অধ্যাদেশে দুদকের কার্যক্রমের পরিধি বাড়ানো হচ্ছে। একই সঙ্গে ছয় মাস পরপর দুদকের কাজের প্রতিবেদন অনলাইনে প্রকাশ করতে হবে এবং কর্মকর্তাদের নিজেদের সম্পদের হিসাব জমা দিতে হবে।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের সিদ্ধান্ত জানান।
তিনি জানান, বর্তমানে চেয়ারম্যানসহ তিন সদস্যের সমন্বয়ে দুদক পরিচালিত হয়। নতুন অধ্যাদেশে কমিশনের সদস্য সংখ্যা বাড়িয়ে পাঁচ করা হবে। তাদের মধ্যে একজন নারী এবং একজন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে বিশেষজ্ঞ থাকবেন।
অন্তর্বর্তী সরকারের গঠিত সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী দুদককে আরও কার্যকর করতে এই অধ্যাদেশ তৈরি করা হয়েছে বলে জানান প্রেস সচিব। তিনি আরও বলেন, খসড়ায় থাকা ‘বাছাই কমিটি’ গঠনের প্রস্তাব বাদ দেওয়া হয়েছে।
নতুন অধ্যাদেশে ছয় মাস পরপর দুদকের কাজের প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করা এবং কর্মকর্তাদের সম্পদের বিবরণ জমা দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।
এ ছাড়াও উপদেষ্টা পরিষদের বৈঠকে মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমন অধ্যাদেশ, রাজউক উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ এবং জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশের খসড়াও অনুমোদন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।