ইয়াবা বিক্রির সময় ঢাকার নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ও শিকারীপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নয়ারহাট এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান।
গ্রেফতারের পর দুজনকে শুক্রবার মানিকগঞ্জ আদালতে পাঠানো হলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আটক রফিকুল ইসলাম (২৮) নবাবগঞ্জ উপজেলার সোনাবাজু গ্রামের বাচ্চু মিয়ার ছেলে এবং আলমগীর হোসেন শিকারীপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে। তাদের কাছ থেকে মোট ১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর হরিরামপুর উপজেলার নয়ারহাট বাজার এলাকার এক মুদি দোকানের সামনে কয়েকজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রফিকুলের প্যান্টের পকেট থেকে ৫টি ও আলমগীরের ট্রাউজারের পকেট থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মুজিবুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।