ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের মিছিলে গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি গুলির খোসা উদ্ধার করেছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদি এলাকায় সাবেক চেয়ারম্যান প্রয়াত লুৎফর মোল্লার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
মিছিলে নেতৃত্ব দেন ঢাকা জেলা কৃষকদলের আহ্বায়ক জুয়েল মোল্লা এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম মোল্লা।
সেলিম মোল্লা জানান, “ফ্যাসিস্ট সরকারের ডাকা লকডাউনের প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। লুৎফর মোল্লার বাড়ির সামনে পৌঁছালে হঠাৎ বাড়ির ভেতর থেকে একটি গুলি ছোড়া হয়। এতে কর্মীরা আতঙ্কিত হয়ে পড়ে। আমাদের ধারণা, প্রয়াত চেয়ারম্যানের ছেলে রিফাত মোল্লা গুলি করেছেন।”
তবে অভিযোগ অস্বীকার করে রিফাত মোল্লা বলেন, “আমার মনে হয়, মিছিলে থাকা কারও দিক থেকে আমাদের বাড়ির দিকে গুলি ছোড়া হয়েছে।”
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ আক্তার হোসেন জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একটি গুলির খোসা উদ্ধার করেছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।