বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ‘১৩ তারিখ লকডাউন’, ‘ইউনূস হটাও, দেশ বাঁচাও’, ‘মশাল মিছিল সফল হোক’—এমন লেখা একটি ব্যানারসহ স্থানীয় ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সারিয়াকান্দি সেনা ক্যাম্পের সদস্যরা উপজেলার কালিতলা নৌঘাট এলাকা থেকে তাদের আটক করে। পরে তাদের সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়। বুধবার (১২ নভেম্বর) দুপুরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সারিয়াকান্দি থানার ওসি জামিলুর রহমান জানান, আটক তিনজনের বিরুদ্ধে পূর্বের নাশকতার মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন—উপজেলার কামালপুর ইউনিয়নের আওলাকান্দি গ্রামের আনারুল ইসলামের ছেলে ও বোহাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সম্পদ মিয়া (২১), ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের ওয়েদ আলীর ছেলে ছাত্রলীগ কর্মী সোহাগ মিয়া (১৮) এবং একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ছাত্রলীগ কর্মী হৃদয় হাসান (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কালিতলা গ্রোয়েন বাঁধ এলাকায় তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সেনা সদস্যরা জিজ্ঞাসাবাদ করেন। এসময় তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে উল্লিখিত স্লোগানযুক্ত ব্যানারটি উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় হস্তান্তর করা হয়, এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।