ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছানোয় এডিস মশা নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। মশা নিয়ন্ত্রণ কার্যক্রম তদারকি ও লার্ভা ধ্বংসে প্রশাসনের সদস্যরা সরাসরি মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর নগর ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান। সভায় উপস্থিত ছিলেন সংস্থাটির স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা।
সভায় জানানো হয়, এডিস মশা দমনে ব্যবহৃত অ্যাডাল্টিসাইড ও লার্ভিসাইড ওষুধের কার্যকারিতা নিশ্চিত করতে ওয়ার্ডভিত্তিক তদারকি টিম গঠন করা হবে। স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে এই টিম ওষুধ প্রয়োগের সময়সূচি নির্ধারণ, মাঠপর্যায়ের তদারকি এবং নিয়মিত মূল্যায়নের কাজ করবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও স্থানীয় জনগণকে যুক্ত করে মশার প্রজননস্থল ধ্বংসে উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া ডেঙ্গু আক্রান্তের হার বিবেচনায় হটস্পট এলাকা চিহ্নিত করে চিরুনি অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়।
ডিএসসিসি প্রশাসক বলেন,
“এডিস মশা দমনে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। মাঠপর্যায়ে হঠাৎ পরিদর্শন ও মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানো হবে।”
তিনি আরও বলেন,
“সিটি কর্পোরেশনের কর্মীদের দায়িত্ব পালনের পাশাপাশি নাগরিকদের সচেতন হতে হবে; তাহলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।”
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, ওষুধ প্রয়োগ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও ডিএসসিসি কাজ করছে। এর অংশ হিসেবে সংবাদপত্রে গণবিজ্ঞপ্তি, টেলিভিশনে প্রচার, সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক বার্তা এবং মসজিদ-মন্দিরে বিশেষ ঘোষণা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন,
“এলাকাভিত্তিক বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন অভিযান নতুন করে জোরদার করা হবে।”
সভায় নাগরিকদের আহ্বান জানানো হয়, ডেঙ্গু উপসর্গ দেখা দিলে ডিএসসিসির অধীন তিনটি হাসপাতাল—ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, ঢাকা মহানগর শিশু হাসপাতাল এবং নাজিরা বাজার মাতৃসদনে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করাতে।
এছাড়া ডেঙ্গু সম্পর্কিত যেকোনো তথ্য বা অভিযোগ জানাতে নাগরিকদের ০১৭০৯-৯০০৮৮৮ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।