জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী বলেছেন, “আমাদের দেশে যত বড় নেতা, দেখা যায় তত বেশি দুর্নীতিগ্রস্ত। যাঁরা বড় পদে আছেন, তাঁদের নামেই সবচেয়ে বেশি টাকা পাচারের রেকর্ড থাকে।” তিনি বলেন, “নেতাদের আমানতদার হওয়ার কথা ছিল, কিন্তু এখন সেই গুণ দিন দিন হারিয়ে যাচ্ছে।”
বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে মিনার কর্তৃক আয়োজিত সীরাত মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে নেতৃত্বের গুণাবলি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আজহারী বলেন, “নেতা বলতে বোঝায় অন্যকে প্রভাবিত করার বা পরিচালনা করার ক্ষমতা। আমরা যদি ইতিবাচকভাবে কাউকে প্রভাবিত করতে পারি, তাহলে আমরা নেতা হতে পারি। আমাদের সমাজ ও রাষ্ট্রে অনেক সমস্যার মূল কারণ অদক্ষ নেতৃত্ব। যদি আমরা যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে পারতাম, তাহলে এসব সমস্যা থাকত না।”
তিনি আরও বলেন, “আমাদের দেশে অনেক কিছুই পরিবর্তন করা দরকার। এই নতুন বাংলাদেশে একটি দারুণ সুযোগ এসেছে, যা হয়তো আগামী ৫৪ বছরে আর আসবে না। তাই এখনই আমাদের উচিত রাসূল (সা.)-এর জীবন থেকে শিক্ষা নেওয়া। একজন প্রকৃত নেতার প্রথম গুণ হওয়া উচিত আমানতদারিতা—আস্থার জায়গা তৈরি করা, যেমনটি নবী করিম (সা.) করেছিলেন।”
আমানতদারিতার উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, “নবুয়ত প্রাপ্তির আগে হযরত মুহাম্মদ (সা.) ব্যবসায়ী খাদিজা (রা.)-এর সঙ্গে অংশীদারিত্বে ব্যবসা করতেন। খাদিজা (রা.) মূলধন দিতেন, আর নবীজি (সা.) পরিশ্রম করতেন। ব্যবসার কাজে নবীজি (সা.) যখন সিরিয়ায় গিয়েছিলেন, খাদিজা (রা.) তাঁর সততা যাচাই করতে মাইসারা নামে এক বিশ্বস্ত বান্ধবীকে পাঠান। ফিরে এসে মাইসারা নবীজি (সা.)-এর সততা ও চরিত্রের প্রশংসা করেন। এরপরই খাদিজা (রা.) তাঁকে বিয়ের প্রস্তাব দেন। আমাদের নেতাদেরও এমনই সৎ ও আমানতদার হতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের। প্রধান অতিথি ছিলেন চবির উপ–উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী, আরবি বিভাগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুমতাজ উদ্দিন কাদেরী ও অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল হক। উপস্থিত ছিলেন চবিসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, মিনারের সভাপতি মোহাম্মদ আলী ও সহসভাপতি মোহাম্মদ পারভেজ। সঞ্চালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।