নাটোরের বড়াইগ্রামে পুকুরে মাছের খাবার দেওয়ার একটি চাড়িতে পড়ে আলী হোসেন নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের দারিকুশী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন ওই গ্রামের নাইম হোসেনের ছেলে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আলী হোসেন বাড়ির পাশে খেলা করছিল। খেলার ছলে সে বাড়ির পাশে থাকা পুকুরে মাছের খাবার দেওয়ার জন্য রাখা পানি ভর্তি একটি চাড়ির কাছে চলে যায় এবং অসাবধানবশত তার ভেতরে পড়ে যায়।
পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তারা চাড়ির ভেতর আলী হোসেনকে দেখতে পান। প্রতিবেশীদের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার বেলা ৩টায় দারিকুশী কবরস্থান মাঠে শিশুটির জানাজা শেষে তাকে দাফন করা হয়। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা ও স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।