ঢাকায় আন্দোলনরত শিক্ষক নেতৃবৃন্দের উপর পুলিশি লাঠিচার্জের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ঢাকার দোহারের প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জয়পাড়া কলেজের শিক্ষক ও কর্মচারীরা ক্লাস বর্জন করেছেন। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সোমলবার (১৩ অক্টোবর) তাঁরা এই কর্মসূচি পালন করেন। তাদের সাথে একাত্ত্বতা পোষণ করে বেগম আয়েশা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষকেরাও ক্লাশ বর্জন করেন।
জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবির পক্ষে চলমান আন্দোলনে অংশ নেওয়ার সময় রাজধানীতে একাধিক শিক্ষকের উপর পুলিশ লাঠিচার্জ করে। শিক্ষক সমাজের দাবি, এ ঘটনাটি শুধু ব্যক্তি নয়, গোটা শিক্ষক সমাজের সম্মান ও মর্যাদার ওপর আঘাত হেনেছে।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে জয়পাড়া কলেজের শিক্ষকরা ক্লাস বর্জন করেন এবং শান্তিপূর্ণভাবে জাতীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
জয়পাড়া কলেজের সহকারী অধ্যাপক মো. মিলন হোসেন বলেন, আমরা শিক্ষা দিয়ে জাতি গড়ি, কিন্তু আজ সেই হাতেই পড়েছে হাতকড়া, পিঠে ও শরীরে পড়েছে লাঠি। এটা শুধু আমাদের অপমান নয়, এটা গোটা জাতির লজ্জা।”
শিক্ষার্থীরাও এই ঘটনার প্রতিবাদে শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে। কলেজের এইচএসসি শিক্ষার্থী আব্দুল্লাহ নোমান বলেন, “আমরা আমাদের শিক্ষকদের শ্রদ্ধা করি। যারা আমাদের মানুষ হতে শেখান, তাদের এভাবে লাঞ্ছিত হতে দেখাটা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। শিক্ষক প্রতিনিধিরা জানান, যতদিন না সরকার পক্ষ থেকে যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে এবং শিক্ষক সমাজের মর্যাদা পুনরুদ্ধার করা হবে, ততদিন তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।