বাগেরহাটের দশানি পচা দীঘি থেকে সুমন্ত বিশ্বাস (৪৫) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এলাকাবাসী দীঘিতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন, বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ উল হাসান।
নিহত সুমন্ত বিশ্বাস বাগেরহাটের চিতলমারি উপজেলার বাবুগঞ্জ গ্রামের মৃত সতীশচন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। বাগেরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলজিইডির মোড় এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।
বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ উল হাসান জানান, সোমবার বাগেরহাট সদরের বাদেকারাপাড়া এলাকার রফিকুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন সুমন্ত বিশ্বাস। দুপুরের দিকে খাবার খাওয়ার কথা বলে বের হলে আর ফিরেননি তিনি। এরপর থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়।
সকালে পচা দীঘিতে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে, তার শরীরে এখন পর্যন্ত কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।