ঢাকার কেরানীগঞ্জে রাজাবাড়ি এলাকায় নিজ বাড়ির পাশেই এক যুবককে গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত যুবকের নাম মোঃ জুনায়েদ (১৬)। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়ন পরিষদের পাশে একটি খালি ভিটার উপর। রোববার সকালে পড়ে থাকা ওই যুবকের গলাকাটা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিম উল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। নিহতের বাবার নাম মৃত মনির মিয়া।
নিহতের ভাই তুহিন জানান, একটি অজ্ঞাত নামা মোবাইল ফোন থেকে তার ছোট ভাইয়ের মোবাইল ফোনে কয়েকদিন যাবত বারবার হুমকি দিয়ে আসছিল। তার ছোট ভাই জুনায়েদ একই এলাকায় একটি নাট বল্টুর কারখানায় কাজ করতো। শনিবার গভীর রাতে কাজ শেষে সে বাসায় ফেরার পথে তাদের নিজ বাড়ির মাত্র ২০ গজ অদূরে অজ্ঞাত সন্ত্রাসীরা তার ভাইকে একটি ভিটায় ফেলে গলাকেটে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়।
তিনি আরো জানান, বেশ কিছু দিন আগে রাজাবাড়ি গার্ডেন পার্কে তার ভাইয়ের সাথে রোহিতপুর ইউনিয়নের ধর্মসুর এলাকার কয়েকজন যুবকের সাথেও কথা কাটাকাটি হয়েছিল। তাদের ধারণা এই ঘটনার সূত্র ধরেও এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজাহারুল ইসলাম খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এই হত্যাকাণ্ডের ক্লু খুঁজে পাওয়া গেছে। কিন্তু তদন্তের স্বার্থে বিষয়টি গোপন রাখা হয়েছে। অতি শীঘ্রই এই হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করা হবে।
এদিকে এই হত্যাকাণ্ডের খবর শুনে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বিকেলে নিহতের বাড়িতে যান এবং তার শোকাহত পরিবারের সদস্যদের সান্তনা দেন। এ সময় তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন,যারা এই হত্যাকাণ্ড টি ঘটিয়েছেন তাদের দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে গ্রেফতারের ব্যবস্থা করা হবে। নিহত জুনায়েদের পরিবারের পাশে আমরা বিএনপি'র পরিবার আছি এবং থাকবো। যেকোনো বিপদে আপদে বিএনপি'র পক্ষ থেকে জুনায়েদের পরিবারকে আর্থিক সহযোগিতাসহ সর্বপ্রকার সহযোগিতা করা হবে। কোন আওয়ামী সন্ত্রাসীরা এই হত্যাকান্ডটি ঘটিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। পরে তিনি রাজাবাড়ি মাদ্রাসা মাঠে নিহত জুনায়েদের জানাযায় অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।